প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ২:৩২ পি.এম
চাঁদাবাজি ও মাদকমুক্ত ঢাকা-১৩ গড়তে ‘কলস’ প্রতীকে ভোট চাইলেন সোহেল রানা”

মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা বলেছেন, এই ঐতিহ্যবাহী জনপদ আজ ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের অভিশাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবং ব্যবসার রাজনীতির বদলে সেবার রাজনীতি প্রতিষ্ঠা করতেই তিনি ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বুধবার (২১ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা-১৩ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন, "আমি জনগণের সেবক হতে চাই, মালিক নয়।" সোহেল রানা বলেন, "আমি প্রচলিত রাজনৈতিক বলয় ও পেশিশক্তির বাইরে থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। গত এক দশক ধরে আমি পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি অনুধাবন করেছি, সমাজের মূল সমস্যাগুলো সমাধান করতে হলে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে অর্থাৎ জাতীয় সংসদে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।" সংকট ও অঙ্গীকার এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এক সময় ঐতিহ্যের জনপদ ছিল। কিন্তু বর্তমানে এখানে নাগরিক নিরাপত্তা চরম সংকটে। জলাবদ্ধতা, তীব্র যানজট ও অপশাসনের ভারে এই আসনটি জর্জরিত। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।" ভোটারদের উদ্দেশে সোহেল রানা বলেন, "কলস শুধু একটি প্রতীক নয়; এটি মানবিক রাজনীতির প্রতীক। আমি আপনাদের কাছে ভোট চাই ক্ষমতার জন্য নয়, বরং ঢাকা-১৩ আসনকে একটি নিরাপদ ও উন্নত জনপদে রূপান্তর করার জন্য। এই এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।" সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোহেল রানা আশাবাদ ব্যক্ত করেন যে, ভোটাররা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তবে ঢাকা-১৩ আসনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।
www.senbanglatv.com