নওগাঁ জেলা প্রতিনিধি।
২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর মহিষবাগান নওগাঁ হাইওয়ে থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান সেখানে বগুড়া থেকে নওগাঁর সাপাহারগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ে আছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে মহাদেবপুর থানা এবং মহাদেবপুর ফায়ার স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল শামীম এবং উদ্ধার সংশ্লিষ্ট কলার, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায় এবং ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ আলতাফ হুসাইন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন গুরুতর আহত যাত্রীকে ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।