
যশোর জেলা প্রতিনিধি:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
শনিবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং একই থানার বড় আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি বড় ইয়াবার চালান যশোরে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর এলাকায় যশোর পৌরসভার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (জেপিডব্লিউটিপি) গেটের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়।
অভিযান চলাকালে একটি টয়োটা এক্স করোলা (X Corolla) প্রাইভেট কার সেখানে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।