মোঃ বিপ্লব হোসেন মুক্তি
রংপুর জেলা প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মমিনপুর আবাসন এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
এলাকার ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষসহ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি অনুষ্ঠিত হিয়ারিংয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলের ঝুঁকি আরও বেড়ে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।