মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে এক ভয়াবহ বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক কাজী নজরুল ইসলাম এই অনুদান প্রদান করেন। গত ৮ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ৭:৪০ মিনিটে ৮ নং ওয়ার্ডের কেরোনিয়া গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালামের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই একটি বৈদ্যুতিক মিটার সশব্দে ফেটে যায় এবং মুহূর্তে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের আসবাবপত্র সহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারের চরম দুরাবস্থার কথা জানতে পেরে সহায়তার হাত বাড়িয়ে দেন ওই এলাকার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী কাজী নজরুল ইসলাম (পিতা: মৃত কাজী রুস্তম আলী)। তিনি তাঁর পক্ষ থেকে ভুক্তভোগী আবুল কালামের হাতে মোট ৮০,০০০/- (আশি হাজার) টাকা নগদ অনুদান হস্তান্তর করেন।
অনুদান হস্তান্তরের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দ্বীন মোহাম্মদ, সমাজসেবক জসিম উদ্দিন, সমাজসেবক কাজী হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন সুমন, পেয়ার আহম্মদ, আবদুর রহিম ফরহাদ, লাতু মিয়া, মোহাম্মদ মজিব, কাজী জহিরুল ইসলাম মিন্টু এবং সেবারহাট বাজার ব্যবসায়ী মোহন।
লণ্ডন প্রবাসী কাজী নজরুল ইসলামের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা বলেন, প্রবাসে থেকেও নাড়ির টানে এবং অসহায় প্রতিবেশীর বিপদে এভাবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে আবুল কালামের পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ক্ষতিগ্রস্ত আবুল কালামও এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।