কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা
ভেজাল সার বিক্রির দায়ে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৫ বস্তা ভেজাল ডিএপি জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ত্রিমোহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা সার পরীক্ষা করে ভেজাল ও মানহীনতা প্রমাণিত হয়। পরে দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম বলেন, ‘ভেজাল সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি মাটির উর্বরতাও কমে যেতে পারে। নকল ও ভেজাল সারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, ‘অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ২৫ বস্তা ভেজাল সার পাওয়া যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’