নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী মডেল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ ১২ অক্টোবর ২০২৬, সোমবার আয়োজিত এই মানববন্ধন থেকে তারা দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার বিকল্প নেই। অথচ খেলার মাঠ ব্যবহার নিয়ে বাধার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে।
রাজধানী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম বলেন, শিশুরা শুধু বই পড়ে বড় হয় না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। একটি মাঠ শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার অন্যতম প্রধান মাধ্যম। তারা কোনো বিরোধ চান না; বরং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান, যাতে শিক্ষার্থীরা তাদের খেলাধুলার সুযোগ ফিরে পায়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও খেলাধুলার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা জানান, শিশুদের মাঠে খেলাধুলার সুযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। মাদকমুক্ত সমাজ গঠন, সুস্থ প্রজন্ম তৈরি এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ বিষয়ে আর কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খেলাধুলার সুযোগ ও খেলার জায়গা নিশ্চিত করার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন, তাতে তারা অত্যন্ত আশাবাদী। সরকারের নীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় শিক্ষার্থীরা দ্রুত তাদের খেলার মাঠ ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পশ্চিমের মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বশির উল্লাহ বশির বলেন, শিশুদের খেলাধুলার অধিকার কেড়ে নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া যায় না। কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ বিকাশে খেলার মাঠ অপরিহার্য। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা একযোগে দাবি জানান, দ্রুত মাঠ ব্যবহারের সমস্যার সমাধান করে শিশুদের জন্য নিরাপদ ও উপযুক্ত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।