মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি করে ভাই সোহেল রানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুই বোন রানু আক্তার রিয়া ও রানী আক্তার রিয়া। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১টার দিকে ঝিনাইদহ বাংলাদেশ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।
অভিযুক্ত সোহেল রানা শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মৃত মতলেব আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে রানী আক্তার রিয়া অভিযোগ করে বলেন, আমি আমার পৈতৃক সম্পত্তির ন্যায্য ভাগ চাই। গত দুই বছর ধরে এ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি। গ্রামের মাতব্বর, ইউপি সদস্যসহ অনেকের কাছে গিয়েছি। কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেননি। বাধ্য হয়েই আজ নিজের ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।
অন্য ছোট বোন রানু আক্তার রিয়া অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। ভাইকে বারবার বলেছি, পৈতৃক সম্পত্তি থেকে আমার প্রাপ্য অংশের অর্ধেক হলেও যেন আমাকে দেয়। কিন্তু সে না দিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসছে
তিনি আরও অভিযোগ করেন, আমার মা অসুস্থ এবং কথা বলতে পারেন না। মাকে দেখতে বাড়িতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না। বাবার দেওয়া আট শতক জমিতে তিনি বাড়ি নির্মাণ করেছিলেন, কিন্তু সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রানু আক্তার রিয়া দাবি, জমির বিষয়ে তার কাছ থেকে আরও আট লাখ টাকা নেওয়া হয়েছিল। পরে সেই টাকা ফেরত চাইলে তার ভাই টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং টাকা ফেরত দেবেন না বলে জানান।
সংবাদ সম্মেলনে দুই বোন তাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে পেতে এবং অভিযোগগুলোর সুষ্ঠু সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল রানা মুঠোফোনে বলেন আমার ২ বোনকে তাদের পাওনা জমি ভাগ করে দিয়েছি, এখন কোন জমি পাবে না, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা সব কিছু মিথ্যা বলছে।