মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জুড়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১২৮টি মণ্ডপে প্রতিমার চরণে ভক্তদের অঞ্জলি প্রদান, ঢাকের আওয়াজ এবং আরতিতে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি মন্দির প্রাঙ্গণ।
উৎসবকে সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের যৌথ সমন্বয়ে মণ্ডপগুলোতে বিশেষ পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে। পরিদর্শনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
শৈলকুপা থানা সূত্রে জানা গেছে, এবার উপজেলার মণ্ডপগুলোর সুরক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ৭৮৪ সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিটি গুরুত্বপূর্ণ মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা বলয় ও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসনের কড়া নজরদারি এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কোনো বিঘ্ন ছাড়াই উৎসবের আচার-অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বিশেষ ছুটির আওতা বাড়ায় এ বছর মণ্ডপগুলোতে দর্শনার্থী ও ভক্তদের ভিড় এবং পারিবারিক মিলনমেলা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।