কালীগঞ্জ প্রতিবেদক:
দলীয় সংবিধানের ৫(গ) ধারায় বর্ণিত শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, দলীয় সংবিধানের ৫(গ) ধারায় উল্লেখিত অপরাধ, যার মধ্যে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী তৎপরতা, সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা, টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ, এসব বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় দপ্তর থেকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা বহিষ্কারাদেশে বলা হয়, উল্লিখিত অভিযোগসমূহ বিএনপির আদর্শ, শৃঙ্খলা ও সংবিধানের পরিপন্থী। এ কারণে দলীয় সংবিধানের ৫(গ) ধারার বিধান অনুযায়ী সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই আদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, স্বাক্ষরিত ওই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা পর্যায়ের সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে। দলীয় সূত্র জানায়, দলীয় সংবিধান ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।