স্টাফ রিপোর্টার,
পরিবেশের বারোটা বাজানো অবৈধ ইটভাটাগুলোর দিন শেষ! ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর চলল পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযান। স্রেফ জরিমানা নয়, রীতিমতো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে চারটি বড় বড় ইটভাটা। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শৈলকুপার আকাশ-বাতাস কাঁপিয়ে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত যেন যমদূত হয়ে হাজির হয় অবৈধ ভাটা মালিকদের কাছে।যাদের কপালে জুটল বড় শাস্তি তারা হলেন দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস।ও কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! জরিমানা গোনার পর ভাটাগুলো ভেঙে তছনছ করে দেয় প্রশাসন।প্রভাবশালী এই ভাটা মালিকরা অভিযানে এতটাই কোণঠাসা হয়ে পড়েন যে, ভবিষ্যতে আর কোনোদিন অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দিতে বাধ্য হন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অভিযান কেবল শুরু, অবৈধ ইটভাটার অস্তিত্ব না মেটা পর্যন্ত আমাদের লড়াই চলবে!” আপনার এলাকায় কি কোনো অবৈধ ইটভাটা আছে? কমেন্টে আমাদের জানান এবং পরিবেশ বাঁচাতে এই খবরটি শেয়ার করুন!