শৈলকূপা, ঝিনাইদহ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে শৈলকুপায় বাস্তবায়িত হয়েছে এক অসাধারণ মানবিক উদ্যোগ। ঈদের আনন্দ যেন কারো বাড়িতে অসম্পূর্ণ না থাকে—এই লক্ষ্যেই একদল তরুণ শিক্ষার্থী ও সমাজসেবী নিঃস্বার্থভাবে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: “তারা আপন ধন-সম্পদ আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন, পথিক ও সাহায্যপ্রার্থীদেরকে দান করে।” (সূরা বাকারা, আয়াত: ২১৫) এ আয়াতের নির্দেশনাকে সামনে রেখে আয়োজকরা শৈলকুপার ২০টির অধিক অসহায় পরিবার ও স্থানীয় ৫টি মাদ্রাসায় ঈদ সামগ্রী পৌঁছে দেন। এসব পরিবারের মধ্যে বিশেষভাবে স্মরণীয় নাম শহীদ সাব্বির ভাইয়ের পরিবার—যাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অংশ হিসেবে এই আয়োজনটি করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি, দুধ, পিয়াজ, মরিচ ও সাবান ইত্যাদি। প্রতিটি প্যাকেটে ছিল ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো পর্যাপ্ত উপকরণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন: “যে ব্যক্তি মুমিনদের ক্ষুধা নিবারণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন।” (তিরমিজি শরিফ); এই হাদিসের আলোকে সার্বিক তত্ত্বাবধানে ও বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করেছেন আব্দুল কাদের জিলানী ফাহিম, মোঃ ফরহাদ আহাম্মেদ এবং শৈলকুপার সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তাদের এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে এলাকাবাসীর মাঝে। শৈলকুপার একাধিক এলাকায় ঘুরে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। অভাবী পরিবারগুলো এই উদ্যোগকে ঈদের এক অনন্য উপহার হিসেবে আখ্যায়িত করেছেন। আয়োজকরা জানান, মানবতার সেবা যেন ঈদের পরেও অব্যাহত থাকে, সেই প্রত্যাশা নিয়ে তারা কাজ করে যেতে চান। পবিত্র কোরআনের আরও এক আয়াতে আল্লাহ তাআলা বলেন:

“তোমরা যা কিছুই ব্যয় করো, তিনি তার প্রতিদান দেবেন। আর তিনিই সর্বোত্তম দাতা।” (সূরা সাবা, আয়াত: ৩৯) আয়োজকদের এই মহৎ উদ্যোগ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। পবিত্র ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সমাজের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস ভবিষ্যতেও অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।