মোঃ ইব্রাহিম হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান হিসেবে দেশনায়ক তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শহীদ আলী। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে আসীন করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত শূন্যতায় তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন। এক অভিনন্দন বার্তায় জনাব শহীদ আলী বলেন, “দেশনায়ক তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। দীর্ঘ প্রবাস জীবনে থেকেও তিনি প্রযুক্তির মাধ্যমে যেভাবে তৃণমূলকে সুসংগঠিত রেখেছেন, তা বিশ্ব রাজনীতিতে বিরল। এখন সরাসরি তাঁর নেতৃত্বে দল আরও গতিশীল ও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, “চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা অপূরণীয়, তবে তাঁরই সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা আজ উজ্জীবিত। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।” উল্লেখ্য, শুক্রবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারেক রহমানের রাজনীতিতে অভিষেক ঘটে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে। পরবর্তীতে ২০০২ সালে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর সারা দেশে নেতা-কর্মীদের মাঝে যে উদ্দীপনা তৈরি হয়েছে, এই দায়িত্ব প্রদানের মাধ্যমে তা পূর্ণতা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।