স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুদ। তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষকে বাঁচাতে গভীর রাতে কম্বল নিয়ে রাজপথে নেমে আসেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদের ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন মোড়, ফুটপাত ও বস্তি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কোনো প্রকার আনুষ্ঠানিকতার প্রথা ভেঙে তিনি নিজেই গভীর রাতে অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। কম্বল বিতরণকালে আনোয়ার হোসেন মাসুদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনই ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। তাঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাঁরই আদর্শের প্রতিফলন। শীতের এই তীব্রতায় সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে কোনো মানুষই আর কষ্ট পাবে না।” হাড়কাঁপানো শীতে হঠাৎ কম্বল হাতে রাজনৈতিক নেতাদের পাশে পেয়ে ছিন্নমূল মানুষের মুখে হাসির রেখা দেখা গেছে। এই মানবিক কার্যক্রমে আনোয়ার হোসেন মাসুদের সঙ্গে মোহাম্মদপুর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দলের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা পালনে নিয়মিত এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।