মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল ২৩ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল রানা’র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও ২৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নীতা, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রহমান লিটন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান রুবেল। নেতাকর্মীরা মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণসংযোগ শুরু করেন। এরপর জয়েন্ট কোয়ার্টার, ছাপড়া মসজিদ ও আজিজ মহল্লা হয়ে কৃষি মার্কেট, নতুন কাঁচাবাজার ও চাউলের আড়তসহ বিভিন্ন এলাকায় ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের লিফলেট বিতরণ করেন। এসময় তারা সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা বলেন, “দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়াই প্রমাণ করে পরিবর্তন আসন্ন।” কর্মসূচিতে ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।