
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার
প্রেমের টানে গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় এক তরুণীর ছুটে আসার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পাথরঘাটার একটি চায়ের দোকানে কর্মরত এক হিন্দু যুবকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানেই তিনি গাজীপুর থেকে পাথরঘাটায় এসে ওই যুবকের সঙ্গে দেখা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নিজস্ব ঘরবাড়ি নেই। তিনি স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করেন। থাকার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় একটি মন্দিরে রাতযাপন করেন বলেও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই তরুণী ও যুবকের পরিচয় হয়। পরবর্তী সময়ে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই তরুণী নিজেই গাজীপুর থেকে পাথরঘাটায় চলে আসেন বলে জানা গেছে।
এদিকে, ওই যুবকের সঙ্গে সম্পর্কের কারণে তরুণী স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করতে চান—এমন একটি দাবি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে। তবে ধর্ম পরিবর্তনের বিষয়ে তরুণীর প্রকৃত সিদ্ধান্ত, তাঁর বয়স এবং এ সংক্রান্ত কোনো আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল। তরুণী ও যুবকের সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
তবে তরুণীর নিজের বক্তব্য, তাঁর স্বেচ্ছাসিদ্ধ সিদ্ধান্ত এবং ঘটনাটির আইনগত দিক স্পষ্ট না হওয়া পর্যন্ত ধর্ম পরিবর্তন বা অন্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।