মোঃ ইব্রাহিম হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতিতে মাদারীপুর-১ (শিবচর) আসনে এক আস্থার নাম হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। দীর্ঘ রাজনৈতিক জীবনে পদের মোহ নয়, বরং দলের আদর্শ ও তৃণমূলের কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন ‘পরিচ্ছন্ন ও অনুগত’ নেতা হিসেবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিএনপি গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’-র কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্দেশ্যে ‘কৃষক বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শিবচরের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার রাজনীতির হাতেখড়ি তৃণমূল পর্যায়ে। তিনি সফলতার সাথে পাঁচচর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর তার সাংগঠনিক দক্ষতা তাকে নিয়ে আসে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এই অর্জনে মাদারীপুর ও শিবচর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার মতো ত্যাগী ও বিশ্বস্ত নেতাকে কেন্দ্রীয় দায়িত্ব প্রদান করায় আসন্ন নির্বাচনে শিবচর এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।