রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা-১৩ সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা ও ওয়ার্ড যুবদল। এদিন মোহাম্মদপুরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে ধানের শীষের সপক্ষে মিছিল বের করা হয়। থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ববি হাজ্জাজের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তারা। গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৩ আসনকে একটি আধুনিক ও নিরাপদ মডেল হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ববি হাজ্জাজ নির্বাচিত হলে এই এলাকা হবে, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত। কোনো দখলদার বা চাঁদাবাজের স্থান হবে না। কিশোর গ্যাংয়ের উপদ্রব এবং মাদক নির্মূল করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ মোকসেদুল হাসান মিন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন অভি, শেরে বাংলা নগর থানার যুবনেতা তানভীর হোসেন এবং আদাবর থানার ইমরান হোসেন। এছাড়াও ৩২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন, ৩১ নং ওয়ার্ড যুবদল নেতা তাইজুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ডের ১নং সদস্য আমিনুল ইসলাম ও মোঃ রানা সহ ২৯ ও ৩৪ নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়িক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত হবে