ইব্রাহিম হোসেনঃ
নিজস্ব প্রতিবেদক, মোহাম্মদপুর ঢাকা-১৩ আসনের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ ‘৯৩ মোহাম্মদপুর’। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ‘৯৩ মোহাম্মদপুর’ গ্রুপের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ। শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত বন্ধুরা দীর্ঘ সময় পর এমন একটি মহৎ উদ্যোগে একত্রিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ৬০০ জন সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে মূলত ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ (ব্লাড প্রেসার) মাপার ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ। তিনি ক্যাম্পে আগত রোগীদের খোঁজখবর নেন এবং বলেন, “আমি এই এলাকার মানুষকে কিছু দিতে এসেছি, নিতে নয়। জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা-১৩ আসনের প্রতিটি এলাকায় নিয়মিত এমন ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হবে। এটি কেবল নির্বাচনকালীন উদ্যোগ নয়, সাধারণ নাগরিকদের সেবায় আমি সবসময় পাশে থাকব।” কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও ২৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবু, ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সফল আহ্বায়ক সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ‘৯৩ মোহাম্মদপুর’ গ্রুপের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।