মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) সংসদীয় আসনে এক অনন্য সাধারণ নির্বাচনী প্রচারণার দৃশ্য প্রত্যক্ষ করেছেন এলাকাবাসী। মাথায় ছোলার গামলা নিয়ে এই আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল রানার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন মোঃ বাবুল খান নামের এক ফেরিওয়ালা। মাদারীপুরের বাসিন্দা বাবুল খান জীবিকার তাগিদে ঢাকায় ফেরি করে ছোলা বিক্রি করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ২০২৬, তাকে মোহাম্মদপুর ও সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী সোহেল রানার ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে দোয়া ও ভোট চাইতে দেখা যায়। এই অভিনভ প্রচার পদ্ধতি সাধারণ পথচারী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। কেন এই সমর্থন? সোহেল রানা দীর্ঘ দিন ধরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করে আসছেন। এলাকায় তিনি ‘পথশিশুদের বন্ধু’ হিসেবে সমধিক পরিচিত। প্রচারণার বিষয়ে জানতে চাওয়া হলে সোহেল রানা বলেন, “পথশিশুদের নিয়ে কাজ করার সুবাদে সাধারণ মানুষের সঙ্গে আমার একটি আত্মিক ও নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। মানুষ ভালোবেসে স্বেচ্ছায় আমার জন্য প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষের এই অকৃত্রিম ভালোবাসাই আমার নির্বাচনী লড়াইয়ের মূল শক্তি।” নির্বাচিত হলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সোহেল রানা জানান, বিগত ৫৫ বছরে রাজনৈতিক দলগুলো এলাকার স্থায়ী সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। তার অগ্রাধিকার তালিকায় রয়েছে, শিশুদের সঠিক বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণসহ মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা। তীব্র যানজট নিরসন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অপরাধমুক্ত ও নিরাপদ ঢাকা-১৩ গড়ে তোলা। এই তরুণ প্রার্থী পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমাকে সংসদে আপনাদের কণ্ঠস্বর হওয়ার সুযোগ দিলে আমি সবার প্রাপ্য অধিকার, সম্মান ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।” পথশিশুদের অধিকার আদায়ের লড়াই থেকে সংসদীয় রাজনীতির ময়দানে আসা এই প্রার্থী এখন সাধারণ মানুষের দোয়া ও সমর্থনের প্রতীক্ষায় রয়েছেন।