
ইব্রাহিম হোসেনঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর প্রতিটি অলিগলিতে বইছে নির্বাচনি হাওয়া। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ববি হাজ্জাজ-এর সমর্থনে বিশাল নির্বাচনি র্যালি ও গণসংযোগ করেছে শেরেবাংলা নগর থানা ছাত্রদল (ঢাকা মহানগর পশ্চিম)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী শেরেবাংলা নগর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়। শেরেবাংলা নগর থানা ছাত্রদলের নব-নির্বাচিত বিপ্লবী আহ্বায়ক এবং ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ মিন্টু-র নেতৃত্বে এই বিশাল র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি শেরেবাংলা নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় ছাত্রদলের শত শত নেতাকর্মী ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন। গণসংযোগকালে ছাত্রদল নেতাকর্মীরা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীনভাবে এই প্রচারণা চলে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। র্যালিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন, “ঢাকা-১৩ আসনে বিএনপির কোনো বিকল্প নেই। গত ১৬ বছর সাধারণ নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের এই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।” তারা আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ববি হাজ্জাজ বিপুল ভোটে জয়ী হবেন। আমরা ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি যা ধানের শীষের বিজয়ের লক্ষণ।” র্যালিতে ও গণসংযোগে আরও অংশগ্রহণ করেন, বশির উল্লাহ বশির, আহ্বায়ক, মোহাম্মদপুর থানা ছাত্রদল, আনিসুল হক টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদপুর থানা ছাত্রদল, সাকিবুল হাসান বাবু, সদস্য সচিব, মোহাম্মদপুর থানা ছাত্রদল, নয়ন হোসেন, আহ্বায়ক, আদাবর থানা ছাত্রদল, মনিরুজ্জামান মজুমদার জসিম, সদস্য সচিব, আদাবর থানা ছাত্রদল, জুবায়ের আহমেদ জাবের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শেরেবাংলা নগর থানা ছাত্রদল সহ প্রমুখ।