
জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে ঈদের আগে স্বস্তি ফিরেছে ইউনিয়নের হাজারো দরিদ্র পরিবারের মাঝে।
শনিবার (১৪ মার্চ) সকালে বালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী।
এ সময় ট্যাগ অফিসার, ভূল্লী থানা পুলিশের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২ হাজার ৪৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়। চাল পেয়ে অনেক পরিবার ঈদের আগে কিছুটা স্বস্তি প্রকাশ করেন।
বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের তালিকা করে স্বচ্ছতার সাথে এই চাল বিতরণ করা হচ্ছে, “সরকারের এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। আমরা চেষ্টা করেছি প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে এই সহায়তা পৌঁছে দিতে, যাতে তারাও ঈদের আনন্দটা পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারেন।”
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।