স্টাফ রিপোর্টারঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন মোড়লের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে মোঃ জাহিদ হোসেন মোড়ল জানান, তিনি দীর্ঘদিন যাবৎ ৩২ নম্বর ওয়ার্ডে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন উন্নয়নমূলক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর এই জনসেবামূলক কাজের ফলে এলাকায় সাধারণ মানুষের আস্থা ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি অভিযোগ করেন, তাঁর এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল কিছু অসাধু ও তথাকথিত ‘হলুদ সাংবাদিকের’ মাধ্যমে তাঁর নাম বিকৃত করে এবং ছবি ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। জাহিদ হোসেন বলেন, “এই সংবাদের কোনো বাস্তব ভিত্তি নেই। এটি মূলত আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।” বিবৃতিতে তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি তাঁর বিরুদ্ধে এমন কোনো উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়, তবে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে ৩২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, জাহিদ হোসেন মোড়ল একজন সজ্জন ও জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন খবর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত জেনে বিরোধী পক্ষ ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এলাকাবাসী এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে জাহিদ হোসেন মোড়লের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।