
মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার
১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটে একটি ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার (১৭ মে) সকাল ৭টার দিকে আসাদগেট-মিরপুর রোডে এই মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইয়ামিন আহমেদ।
মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার অবিলম্বে দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. ইয়ামিন আহমেদ ছাত্রলীগের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করে বলেন, ২০২৪ সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। নেত্রী সগৌরবে বাংলার মাটিতে ফিরে না আসা পর্যন্ত ছাত্রলীগ রাজপথ ছাড়বে না।
ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসাদগেটে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে এবং কর্মসূচি শেষে দ্রুত স্থান ত্যাগ করে।