
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী, নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রাশেদ খান, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এছাড়া ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মো. নোমান হোসেন, পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিস বিন হাছান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মো. আব্দুল মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।