
স্টাফ রিপোর্টার খুলনা
আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সম্মাননা প্রদান ও মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।
সভায় পুলিশ কমিশনার মহোদয় দায়িত্ব পালনে সতর্কতা, সাহস ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কৃত করা এবং মাঠপর্যায়ের সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণকে অগ্রাধিকার দেন। মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন। কেএমপির সদস্যদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং বেসিক পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন। জনগণের সঙ্গে ধৈর্য, ভদ্রতা ও সুন্দর আচরণ করার আহ্বান জানিয়ে রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন। সর্বোপরি, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান কমিশনার মহোদয়।
অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ০৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। পরবর্তীতে মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করে তোলার লক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে ০৪টি মোটরসাইকেল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।