
আব্দুল হান্নান, শৈলকূপাঃ
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২১টি পদের বিপরীতে প্রায় অর্ধশত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শৈলকুপা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল থেকেই ভোটার সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
নির্বাচনে সভাপতি পদে আমাদের সময়ের সাংবাদিক শাহীন আক্তার পলাশ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক অগ্নিশিখার সাংবাদিক শিহাব মল্লিক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি মাসুদুজ্জামান লিটন ও মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক টিটো মিজান ও মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক মফিজ উদ্দীন তুহিন, সাংস্কৃতিক সম্পাদক মিশুক হোসেন, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলীম এবং সংবাদপত্র বিষয়ক সম্পাদক আক্তারজ্জামান জাসেফ।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ এম ইমরান, এম হাসান মুসা, বিপুল হোসেন, আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম টুটুল।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি শাহীন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক শিহাব মল্লিক বলেন, সাংবাদিকদের পেশাগত মান, মর্যাদা ও ঐক্য অটুট রেখে শৈলকুপায় সাংবাদিকতার জন্য সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন। পাশাপাশি তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রেসক্লাবের কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শৈলকুপা প্রেসক্লাবের কার্যক্রমে আরও গতি, সমন্বয় ও পেশাদারিত্ব তৈরি হবে।