
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মান্নান হোসেন শাহীনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে চাঁদা ও দখলবাজি অব্যাহত রাখতে তাঁকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। মো. মান্নান হোসেন শাহীন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়লে মোহাম্মদপুরে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠে। তখন তিনি বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহল্লা পাহারার উদ্যোগ নেন।
এর জের ধরে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদ উদ্যানের শাপলা ভবনে তাঁর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। তাঁকে হত্যার উদ্দেশ্যে ৪২টি কোপ দেওয়া হয় এবং হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। ৩৭ দিন আইসিইউতে থাকা সহ টানা সাত মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।
শাহীন জানান, অসুস্থতা সত্ত্বেও রাজনীতির মাঠে ফিরে তিনি কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং ও একটি স্বার্থান্বেষী মহল তাঁকে পুনরায় হত্যার পাঁয়তারা করছে।
তিনি অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে সুয়ারেজ লাইনের কাজে মো. নান্নু, নুরুল ইসলাম, হান্নান ও সেন্টুসহ ১৫ থেকে ২০ জন মোটা অঙ্কের চাঁদা দাবি করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চাঁদা দাবির বিরোধিতা করলে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলার চেষ্টা চালায়। এতে তাঁর সঙ্গীয় জিসান আহমেদ গুরুতর আহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিএনপি নেতা শাহীন বলেন, হামলার ব্যর্থ চেষ্টার পর চাঁদাবাজ চক্রটি উল্টো তাঁকেই চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি নির্বাচনে প্রার্থী হলে তাঁকে ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
একবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই নেতা বর্তমানে পরিবারসহ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উল্লেখ করে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও আকুল আবেদন জানান।