দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতি ইটভাটায় ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুল ইসলাম। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র না থাকা, অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা এবং নির্ধারিত বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।