মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ)আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থনে নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের বলিয়াডাঙ্গা বাজারে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘কাপ-পিরিচ’ প্রতীকের প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ। পথসভায় বক্তারা বলেন, “বর্তমান নির্বাচনটি কেবল প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নয়, বরং এটি পুরো কালীগঞ্জবাসীর অস্তিত্ব রক্ষার লড়াই।” তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখেন না। বক্তারা দাবি করেন, প্রতিপক্ষ প্রার্থী এলাকার গ্রামের নাম পর্যন্ত ভুল করছেন, যা তার অযোগ্যতারই প্রমাণ। প্রচারণা চলাকালে কর্মীদের ওপর আসা হুমকির বিষয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “অনেক জায়গায় আমাদের সমর্থকদের ভোটের পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণই সকল শক্তির উৎস। ১২ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই হুমকির সমুচিত জবাব দেওয়া হবে।” কোনো প্রকার উসকানি বা ভয়ভীতিতে কান না দিয়ে খুব ভোরে ভোটকেন্দ্রে গিয়ে কাপ-পিরিচ মার্কায় ভোট দেওয়ার জন্য তারা সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। পথসভা শেষে সাইফুল ইসলাম ফিরোজ নেতাকর্মীদের সাথে নিয়ে বলিয়াডাঙ্গা বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। এলাকার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য আমি আপনাদের দোয়া ও ভোট চাই।” স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলাম, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, আবুল কাশেম এবং মমতাজ উদ্দিন জিন্না প্রমুখ। সভায় উপস্থিত সকল বক্তা ঐক্যবদ্ধ হয়ে কাপ-পিরিচ প্রতীককে বিজয়ী করার শপথ নেন।