স্টাফ রিপোর্টার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ চয়ন কাজী। সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছাত্রদল নেতা চয়ন কাজী জানান, ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। দীর্ঘদিন ধরে ছাত্রদল রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কাঁচেরকোল ইউনিয়নের মানুষ এখন পরিবর্তন প্রত্যাশা করছে। সে লক্ষ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে চয়ন কাজী বলেন, ইউনিয়নবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে কাঁচেরকোল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর ইউনিয়নে পরিণত করতে কাজ করব। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।







