স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও ইউপি সদস্য কপিল উদ্দিন মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে ৪৫ জন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুতর আহত আরও ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, “দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।