
নিজস্ব প্রতিবেদক ঢাকা:
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থান দিবসে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ।
আজ ৫ জুলাই ২০২৬, রোজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জুলাই-আগস্ট বিপ্লবের সকল শহীদদের স্মৃতির প্রতি এই গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে হাজী মোহাম্মদ ইউসুফ বলেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, জাতি তাঁদের অবদান চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।”
গণঅভ্যুত্থান দিবসের মূল চেতনাকে ধারণ করে দেওয়া এই শ্রদ্ধাবার্তায় তিনি আরও বলেন, “শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য তাঁদের স্বপ্নের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের এই অর্জনকে নসাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”