
মোঃজোনায়েদ হোসেন জুয়েলঃ
মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে শহীদ হওয়া দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শহর জামায়াত শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ শহর জামায়াতের আমীর আ ম ম আব্দুল হক। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এ ত্যাগ জাতির ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।
বিশেষ অতিথি জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমের দৃষ্টান্ত রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল এবং শহর সেক্রেটারি আ ন ম নয়িম। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।