
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে শহরের ডা. কে আহমেদ সড়কের সিপিবি কার্যালয়ে শনিবার (২৫ জুলাই) রাত ৮ টায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক কমরেড নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব।
সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বরের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনায় প্রশাসনের দায়িত্বহীনতা ও অন্যত্র সরিয়ে নেওয়ার একতরফা সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। সভার অপর এক প্রস্তাবে, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র
যুব, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, নারী ও সংস্কৃতি নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার প্রস্তাবে, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে সবাইকে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।