ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লার
চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নতুন বই বিতরণ উৎসবে সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাফেজ শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষকরা জানান, সরকারের ‘বই বিতরণ উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যা নিয়মিত পাঠদান কার্যক্রম শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ বলেন, “শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে নতুন বই দিতে পেরে আমরা গর্বিত। আশা করি, নতুন বই নতুন উদ্যমে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।” এদিকে শোক দিবস উপলক্ষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাফেজ শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে নতুন বই যত্নসহকারে পড়াশোনার আহ্বান জানানো হয়।