ইব্রাহিম হোসেনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরেবাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আবু সাঈদের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের উদ্যোগে রাজধানীর শ্যামলী ৩ নম্বর রোড সংলগ্ন পানির ট্যাংকি মোড়ে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টু। কর্মসূচির প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে রাজা আহমেদ মিন্টু বলেন, “পবিত্র মাহে রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের অনেকেরই মানসম্মত ইফতার সামগ্রী কেনার সামর্থ্য নেই, তাই তাদের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।” এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বিএনপি বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান। ইফতার আয়োজন সম্পর্কে মোঃ আবু সাঈদ জানান, রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সাঈদ, মো. রিয়াজ, মো. সুমন, মো. উজ্জ্বল, মো. আলী হোসেন, মো. সজিব ও মো. সাইদুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।