
স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে সরকারের গৃহীত মহাপরিকল্পনার অংশ হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বিভিন্ন ইউনিট। এরই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য রক্ষা ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা বিএনপি।
আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩৪ নং ওয়ার্ড এলাকায় থানা বিএনপির ‘সুপার ১২’-এর উদ্যোগে এই জনকল্যাণমূলক পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়। কর্মসূচিতে থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় হলুদ রঙের গেঞ্জি পরিধান করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালীন নেতাকর্মীরা রাস্তার পাশের স্তূপীকৃত ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং রাস্তার ম্যানহলে, দুই পাশের ড্রেনে ও বিভিন্ন বাসাবাড়িতে মশা নিধনে জীবাণুনাশক তরল স্প্রে করেন। সেই সঙ্গে এলাকাবাসীকে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল বলেন, ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সম্প্রতি জাতীয় সংসদে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকারের এই পরিকল্পনায় আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্যমাত্রা অর্জন এবং বায়ুদূষণ রোধে ২৫০টি বৈদ্যুতিক বাস চালুর মতো যুগান্তকারী উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় পর্যায়ে এই পরিচ্ছন্নতা কর্মসূচি সেই জাতীয় লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। সেই ঝুঁকি কমাতে এবং নগরবাসীকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আহমেদ মনির বলেন, “সরকারের এই ১২ দফা কর্মপরিকল্পনা কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও আধুনিক ঢাকা বিনির্মাণের অঙ্গীকার। আমরা প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। জনগণ যদি সচেতন হয় এবং আমাদের এই উদ্যোগের সাথে শামিল হয়, তবেই মশা ও দূষণমুক্ত স্বাস্থ্যকর ঢাকা গড়া সম্ভব হবে। জনকল্যাণমূলক এই কাজ আগামীতেও আমাদের অব্যাহত থাকবে।”
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল, দেলোয়ার হোসেন মামুন, আরিফুল রহমান সেলিম এবং এস এম আহমেদ মনির। এছাড়াও সাইফুল ইসলাম সাজু, আবুল বাশার, জাহাঙ্গীরউল্লাহ, আসিফ আহমেদ রাতুলসহ মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা বিএনপির এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে জানান, রাজনৈতিক দলগুলো এভাবে রাজপথের কর্মসূচির পাশাপাশি নাগরিক সেবায় এগিয়ে এলে ঢাকা দ্রুতই একটি বাসযোগ্য নগরীতে পরিণত হবে। সরকারের মহাপরিকল্পনার পাশাপাশি এমন জনমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে।