
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ তার প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি উপলক্ষে সদস্যদের নিয়ে এক মিলনমেলা ও মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানটি ২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আজিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে জনাব মোঃ আলহাজ্ব আবু তাহের মিয়া উপস্থিত হতে না পারায় তার পরিবর্তে জনাব রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আল হালাল ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা), কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক জনাব মোবারক হোসেন সুমন। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ শফিকুল ইসলাম (বকুল মিয়া), চপসেরা আল হালাল ফাউন্ডেশন ও ইফতি ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী। স্বাগত বক্তব্যে আল হালাল ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ আশিকুর রহমান তানভীর সংগঠনের পাঁচ বছরের সেবামূলক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন। মতবিনিময় সভায় বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আনন্দঘন পরিবেশ, সৌহার্দ্য ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আল হালাল ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।