
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম (৫৫)-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার (২০ জুন) ঢাকা-১৩ আসনের বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকা-১৩ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আজকের এই প্রতিবাদ সভায় শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছি, সাবেক সরকারের সাবেক মন্ত্রী নানকের পেটুয়া বাহিনী আমাদের সক্রিয় নেতা-কর্মীদের ওপর হামলার জন্য উস্কানি দিচ্ছে।” আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের পূর্বের একটি বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছিলেন, ক্ষমতাচ্যুত হলে নাকি পাঁচ লাখ মানুষ মারা যাবে। কিন্তু আমরা তাদের একজন নেতা-কর্মীর ওপরও হাত দেইনি, চরম সহনশীলতা দেখিয়েছি। তবে এরপর যদি আমাদের কোনো নেতা-কর্মীর ওপর আক্রমণ করা হয়, তবে সে যত বড় শক্তিশালীই হোক না কেন—আমরা রাজপথে তাদের কালো হাত ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেবো।”
সমাবেশে বক্তারা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (নূর ইসলাম)-এর ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে এই হামলার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঢাকা-১৩ আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল মোহাম্মদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা সন্ত্রাস ও উস্কানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।